ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনারের এক টুইট বার্তায় বলা হয়, বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করায় জনগণকে অভিনন্দন। যুক্তরাজ্যের অভিন্ন অগ্রাধিকার: অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তার ওপর একসাথে কাজ করার জন্য উন্মুখ।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে আজ অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও নেপালের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী শুশিলা কার্কি।
‘এক্স’ বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে লেখেন, ‘নির্বাচনে জয়লাভের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে। এই জোরালো জনসমর্থন বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভুটান এবং বাংলাদেশ–এর মধ্যে উষ্ণ বন্ধুত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছি।’
অপর এক অভিনন্দন বার্তায় শুশিলা কার্কি লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। বিজয় অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতৃত্বদানকারী তারেকরহমানকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয় পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭৭টি আসনে জয়ী হয়েছেন। এ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা ৮টি আসনে জয় পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।