রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছের রাজত্ব, বদলাচ্ছে জেলেদের জীবন লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি ছড়াচ্ছেন শাম্মী তুলতুল বগুড়ার সান্তাহারে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা: লক্ষ্য ‘ক্যাশলেস সান্তাহার তদন্ত পূর্বক বিচারের দাবিতে বিক্ষোভ মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই মোরেলগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন হাফেজ উমর বিন মোহাম্মদ আগস্টে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে যেসব সুবিধা এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড সড়কের ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন পিএইচডি ডিগ্রি অর্জন করায় নিজ কলেজে সংবর্ধিত হলেন ড. শামিমা নাসরিন

পিএইচডি ডিগ্রি অর্জন করায় নিজ কলেজে সংবর্ধিত হলেন ড. শামিমা নাসরিন

মাহবুবুর রহমান বাবুল :
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৭৬০ বার পঠিত
ছবি : সংগৃহীত

শিক্ষা ও গবেষণায় অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক ড. শামিমা নাসরিন-কে শিক্ষক পরিবারের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাঁর এই অর্জনে কলেজজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

কলেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করে তাঁকে অভিনন্দিত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষকের গবেষণামূলক অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করে এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধ করে।

ড. শামিমা নাসরিন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে “মুসলিম নারীর রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব: একটি ঐতিহাসিক বিশ্লেষণ” শীর্ষক গবেষণাকর্ম সফলভাবে সম্পন্ন করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণায় ইসলামের ইতিহাস, রাজনৈতিক দর্শন, প্রশাসনিক কাঠামো এবং সমকালীন বাস্তবতার আলোকে মুসলিম নারীর নেতৃত্বের বিষয়টি তথ্য-উপাত্ত ও যুক্তিনির্ভর বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। গবেষণাটি সংশ্লিষ্ট বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে বলে শিক্ষাবিদরা আশা প্রকাশ করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী। এছাড়া বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ জুলফিকার তৌহিদ, ওমর ফারুক, মনোয়ারা বেগম, ইশরাত জাহান, মার্জিয়া হাফসা সুলতানা, রওনক জাহান, আসাদুজ্জামান, মাহদিউল সারোয়ারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, ড. শামিমা নাসরিনের এই সাফল্য নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল সংযোজন। তাঁর গবেষণালব্ধ জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি করবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সংবর্ধনার জবাবে ড. শামিমা নাসরিন বলেন, “গবেষণা একজন শিক্ষকের জ্ঞানের পরিধিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করে। গবেষণার মাধ্যমে নতুন সত্য উদ্ঘাটিত হয়, সমাজ ও রাষ্ট্রের নানা সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়া যায় এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হয়। একজন শিক্ষক যত বেশি গবেষণামুখী হবেন, তাঁর পাঠদান তত বেশি সমৃদ্ধ হবে।”

তিনি আরও বলেন, পিএইচডি ডিগ্রি অর্জনের দীর্ঘ পথচলায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের প্রশাসন, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ড. শামিমা নাসরিন নান্দাইল উপজেলার একজন কৃতী সন্তান। তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় শিক্ষার হাতেখড়ি পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে ২০০৫ সালে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতা, গবেষণা, একাডেমিক নেতৃত্ব এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান ইতোমধ্যে শিক্ষক-শিক্ষার্থী মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

ড. শামিমা নাসরিনের বড় ভাই প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও অসংখ্য ইসলামী গ্রন্থের প্রণেতা প্রফেসর ড. মো. আব্দুর রহমান আনোয়ারী, যিনি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা পেশায় নিয়োজিত রয়েছেন। শিক্ষা ও গবেষণায় তাঁদের পরিবারের অবদান সংশ্লিষ্ট মহলে বিশেষভাবে সমাদৃত।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..