নির্মাণ শ্রমিকদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ ও কল্যাণ নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেছে মেসার্স ফাহিম কনস্ট্রাকশন। পাশাপাশি শ্রমিকদের মধ্যে উৎসাহ ও আনন্দ ছড়িয়ে দিতে আয়োজন করা হয় লটারির। এতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় রাইস কুকার, ঘড়ি, মোবাইল ফোন, সুপ সেটসহ বিভিন্ন উপহারসামগ্রী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন সিএস টাওয়ার-৪, মিজমিজি এলাকায় এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেসার্স ফাহিম কনস্ট্রাকশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের নির্মাণ শ্রমিকরা অংশ নেন। সিএস টাওয়ারের চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করা হয়।
পরে নির্মাণ শ্রমিকদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ, পারস্পরিক সহযোগিতা, কাজের মানোন্নয়ন ও শ্রমিকদের কল্যাণসহ নানা বিষয়ে আলোচনা হয়। শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (বাপ্পী), বিএসসি ইঞ্জিনিয়ার। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুর রহমান (সিফাত)। এছাড়া ইঞ্জিনিয়ার মো. আজহারুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন।
সভায় মেসার্স ফাহিম কনস্ট্রাকশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. কাওছার হোসেন বলেন, ‘নির্মাণ শ্রমিকরা আমাদের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সমস্যা, চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়ে কর্মপরিবেশ আরও সুন্দর ও কার্যকর করতে আমরা কাজ করছি।’
তিনি বলেন, ‘শ্রমিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের কথা শোনা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কাজের পাশাপাশি তাদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করতেও আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি।’
আলোচনা শেষে লটারির মাধ্যমে শ্রমিকদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ীদের হাতে রাইস কুকার, ঘড়ি, মোবাইল ফোন, সুপ সেটসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শ্রমিকদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বক্তারা নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা, পারস্পরিক সহযোগিতা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় ও আলোচনা সভায় মেসার্স ফাহিম কনস্ট্রাকশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। পরে লটারির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।