বরগুনার আমতলীতে বিএনপির স্থানীয় নেতাদের উপস্থিতিতে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের একটি অংশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চুনাখালী এলাকায় ইউনুস আলী খান ডিগ্রি কলেজের মিলনায়তনে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধান অতিথি মো. জালাল উদ্দিন ফকির বক্তব্য দিচ্ছেন। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, জালাল উদ্দিন ফকিরের বক্তব্য শেষ হওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্মিত হন বলে দাবি তাঁদের।
এ বিষয়ে প্রধান অতিথি মো. জালাল উদ্দিন ফকিরের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
তবে বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা। তিনি বলেন, “আমরা সামনে বসা ছিলাম। পেছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কি না, তা আমাদের কানে আসেনি। তবে ফেসবুকে একটি ভিডিও দেখেছি। সেটি এডিট করা কি না, তা-ও জানি না।”
কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, “আজ কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। তবে শিক্ষার্থীরা কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কি না, তা আমি শুনিনি। ফেসবুকে কী ধরনের ভিডিও ভাইরাল হয়েছে, সেটিও আমার জানা নেই। আমি ফেসবুক ব্যবহার করি না।”