শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সংসদ সদস্য ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর (ভিপি নুর) এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এর সাথে ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ পুটয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ) এর নব-নির্বাচিত নির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তারা নব-নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন এবং অবহেলিত দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশাল বিভাগের সমন্বিত উন্নয়নে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, পায়রা সমুদ্রবন্দর সচল করা, পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা এবং দেশের অন্যতম বৃহৎ পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বিমানবন্দর স্থাপনের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়াও পটুয়াখালীর উন্নয়নে রাজনীতিবিদ ও সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সভাপতি বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, সাধারণ সম্পাদক এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম।
সাবেক সাধারণ সম্পাদক আর টিভির যুগ্ম বার্তা সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল, অর্থ সম্পাদক দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব), প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, নির্বাহী সদস্য একুশে টেভিশনের মো. আরিফুল ইসলাম, দৈনিক এ দিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিন বার্তার রিপোর্টার রিপন হাওলাদার এবং অপরাধ চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন।