রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

অপ্রতিম হত্যা: গ্রেফতার ৪ আসামির দায় স্বীকার করে জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম............................................ছবি : সংগৃহীত

আইফোন ছিনিয়ে নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির কাছে তারা জবানবন্দি দেন।

আদালত সূত্রে জানা গেছে, অপ্রতিম হত্যা মামলায় গ্রেফতার সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬), কামরুল হাসান (১৫) ও মো. সিয়ামকে (১৫) রোববার বিকেলে আদালতে তোলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

রোববার রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার আদালতে কর্মরত এক গোয়েন্দা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চার আসামি আদালতে অবস্থান করছিলেন। আদালতের প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।

কুমিল্লা কোর্ট থানা পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটু প্রক্রিয়া নিয়ে ব্যস্ত আছি। পরে বিস্তারিত জানানো হবে।’

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজের জিডি করেন।

নিখোঁজের পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় চারজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। পরে অপ্রতিমের বাবার দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..