ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের দুই দিন পর মো. আবু সালেহ হাওলাদার (২৭) নামের এক যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে নিজের মোবাইল ফোন থেকে মামাকে কল করে তিনি তাঁর অবস্থানের কথা জানান। পরে চট্টগ্রামে থাকা স্বজনরা তাঁকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (২২ নভেম্বর) কাঁঠালিয়া উপজেলার আমুয়া পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আবু সালেহ। স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।
আবু সালেহর ফুফা ও কাঁঠালিয়া বাজারের ব্যবসায়ী রাকিব হাওলাদার জানান, আবু সালেহ চট্টগ্রামে গ্রামীণফোনে কর্মরত। মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজের জন্য তিনি এক সপ্তাহ আগে বাড়িতে আসেন। প্রয়োজনীয় সব কাগজপত্র সংগ্রহের পর ঘটনার দিন রাত ১০টার দিকে আমুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের স্বাক্ষর নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।
স্বজনদের কাছে আবু সালেহর দেওয়া বর্ণনা অনুযায়ী, বাড়ির কাছাকাছি একটি খালের পাড়ে পৌঁছালে সাদা কাপড় পরা কয়েকজন নারী তাঁকে আক্রমণ করে খালের পানিতে ফেলে দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি দৌড়ে বাড়ির উঠানে এসে চিৎকার করে অচেতন হয়ে পড়েন। চিৎকার শুনে মা-বাবা বাইরে এসে তাঁকে উদ্ধার করে ঘরে নিয়ে যান। জ্ঞান ফেরার পর তিনি পরিবারকে বিষয়টি জানান।
জানা যায়, ওই রাতেই আবু সালেহ নিজের ব্যাগে থাকা রেজার ব্লেড দিয়ে নিজের দাড়ি-গোঁফ কেটে ফেলেন এবং সকালে উঠে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। তাঁর এমন অস্বাভাবিক আচরণে পরিবার চিন্তিত হয়ে পড়ে এবং স্থানীয়ভাবে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার শরণাপন্ন হয়। স্বজনদের ধারণা, এসব নিয়ে বিরক্ত হয়ে একপর্যায়ে তিনি কাউকে কিছু না জানিয়ে বিআরটিসি বাসে করে বাড়ি থেকে চলে যান। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল এবং কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
অবশেষে মঙ্গলবার সকালে চট্টগ্রামের অলংকার এলাকা থেকে তাঁর ফোন পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি চট্টগ্রামে তাঁর মামার বাসায় রয়েছেন এবং সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে পরিবার নিশ্চিত করেছে।