বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ছাত্রীদের উপহারের সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো: বোর্ড চেয়ারম্যান তাড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এর একটি হলো আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন। অন্যটি যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ সংশোধন অনুমোদন দেয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরইবির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

সভায় পরিকল্পনামন্ত্রী এরই মধ্যে অনুমোদন দিয়েছেন, এমন ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। প্রকল্পগুলো হলো চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিসট্যান্স প্রজেক্ট (এফআরইএপি), কেন্দ্রীয় প্যাকিং হাউজের উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ, অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..