বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের প্রতিনিধিদের সঙ্গে নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা হয়।
সভায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দায়িত্ব, সাংবাদিকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারসহ সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের সভাপতি মো. কিবরিয়া চৌধুরী হেলিম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংবাদিক ফেরদৌস আহমদ বাবুল, আজহারুল ইসলাম বিপ্লব ও ওবায়দুল হক পাঠান।
নান্দাইল প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি এনামুল হক বাবুল, সহসভাপতি মনজুরুল হক মঞ্জু, সাংবাদিক এহসানুল হক তানভীর, ফরিদ মিয়া, সুফি আব্দুল্লাহ, শিক্ষানবিশ আইনজীবী এখলাছ উদ্দিন ও মানবাধিকারকর্মী আমিনুল ইসলাম।
এর আগে বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের প্রতিনিধিরা কিশোরগঞ্জ প্রেসক্লাবেও অনুরূপ মতবিনিময় সভায় অংশ নেন।